নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই আগুনে তাদের অন্তত অর্ধকোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।
ডেমরা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বিশ্বরোড এলাকায় দীন ইসলামের মালিকানাধীন একটি কাগজের কার্টনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে একটি কাগজের কার্টনের দোকান, দুটি কনফেকশনারি এবং একটি ভাঙারির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আকস্মিক এই অগ্নিকাণ্ডে দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। তবে সৌভাগ্যবশত জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তেও শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।