আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না এবং অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি জানান, তিন দিনে প্রায় দেড় কোটি মানুষের ঢাকা ছাড়ার বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করছে এবং প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।
বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে থাকলেও যাতায়াত নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী জানান, টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা ও বাড়তি মনিটরিং টিমের পাশাপাশি পূর্বের তুলনায় ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্টের সংখ্যা তিন গুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মহাসড়কে যানজটপ্রবণ এলাকায় যাত্রীদের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা এবং জরুরি চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
নির্মাণাধীন সড়কের মালামাল সরিয়ে নেওয়া ও ঈদের আগে-পরে ১২ দিন পেট্রোল পাম্প খোলা রাখার সিদ্ধান্তও কার্যকর করা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই জানিয়ে মন্ত্রী যেকোনো অসংগতি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।