জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

0
19
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র একদিন আগেই কারাগারে এসে পৌঁছায়। সেসব নথিপত্র যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এছাড়া গত ৫ মার্চ উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেন। তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here