মুস্তাফিজের পরিবর্তে কেকেআরে মুজারাবানি: আইপিএলের টানে পিএসএল ছাড়লেন জিম্বাবুয়েন পেসার

0
14
মুস্তাফিজের পরিবর্তে কেকেআরে মুজারাবানি: আইপিএলের টানে পিএসএল ছাড়লেন জিম্বাবুয়েন পেসার

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। আর এই আইপিএলের ডাক পেয়ে পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মুজারাবানি।

গত ডিসেম্বরে বিসিসিআইয়ের নির্দেশে ৯.২০ কোটি রুপিতে কেনা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা। এই ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও আইপিএল কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, যার প্রভাব পড়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির ওপর। কেকেআর থেকে বাদ পড়ার পর মুস্তাফিজকে পিএসএলের লাহোর কালান্দার্স দলে নিলেও, তার ফেলে আসা জায়গায় এবার সুযোগ পেলেন মুজারাবানি।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, মুজারাবানি প্রথমে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু কেকেআর থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি ইসলামাবাদকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে আইপিএলকে বেছে নেন। ২৬ মার্চ থেকে পিএসএল এবং ২৮ মার্চ থেকে আইপিএল শুরু হতে যাওয়ায় এই সাংঘর্ষিক সূচির কারণেই তাকে একটি টুর্নামেন্ট বেছে নিতে হয়েছে।

গত বছর দক্ষিণ আফ্রিকার করবিন বশ পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। মুজারাবানির ক্ষেত্রেও ইসলামাবাদ ইউনাইটেড ও পিএসএল কর্তৃপক্ষ একই ধরনের কঠোর ব্যবস্থা নিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের সুপার এইটে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল মুজারাবানির। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের অন্যতম সফল বোলার ছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। তার এই বিধ্বংসী ফর্মই তাকে মুস্তাফিজের বিকল্প হিসেবে কলকাতার স্কোয়াডে জায়গা করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here