রিয়াল মাদ্রিদের কাছে হারের ক্ষত নিয়ে লিগ শিরোপার লড়াইয়ে নামছে ম্যানচেস্টার সিটি

0
19
রিয়াল মাদ্রিদের কাছে হারের ক্ষত নিয়ে লিগ শিরোপার লড়াইয়ে নামছে ম্যানচেস্টার সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে পেপ গার্দিওলার দল।

ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে বিধ্বস্ত হওয়া সিটিজেনদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের আশা এখন সুতোয় ঝুলছে। তবে মহাগুরুত্বপূর্ণ ফিরতি লেগের আগে আজ শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশন জোনে থাকা ওয়েস্ট হ্যামের মুখোমুখি হচ্ছে তারা।

প্রিমিয়ার লিগ টেবিলের বর্তমানে দুই নম্বর অবস্থানে আছে ম্যানসিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৭ হলেও সিটি এক ম্যাচ কম খেলেছে। হাতে থাকা শেষ ৯ ম্যাচকে এখন ফাইনাল হিসেবে দেখছেন গার্দিওলা।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট হ্যামের বিপক্ষে পয়েন্ট হারালে শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। গার্দিওলার মতে, প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা এবং এখানে ভুল করার কোনো দ্বিতীয় সুযোগ নেই।

রিয়ালের বিপক্ষে প্রথম লেগে হারের পর দল নির্বাচন ও কৌশল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই স্প্যানিশ টেকনিশিয়ান। তবে সমালোচকদের কড়া জবাব দিয়ে তিনি বলেন, হারের পর নিজের সিদ্ধান্তে অটল থাকাই তার বৈশিষ্ট্য।

তিনি জানান, বহুবার এমন হারের অভিজ্ঞতা তার হয়েছে এবং হারের কারণে কাউকে সন্তুষ্ট করার জন্য তিনি নিজের অবস্থান বদলাবেন না। আগামী বুধবার ইতিহাদে রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে আজকের জয়টি দলের আত্মবিশ্বাস ফেরাতে বড় ভূমিকা রাখবে।

ম্যানচেস্টার সিটির জন্য এই সপ্তাহটি অগ্নিপরীক্ষার মতো। দিবাগত রাত ২টায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে লড়াইয়ের পর বুধবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগ। এরপর তাদের সামনে রয়েছে কারাবাও কাপের ফাইনাল এবং আগামী রোববার আর্সেনালের বিপক্ষে শিরোপা নির্ধারণী মহারণ।

গত মৌসুম শিরোপাহীন কাটানো সিটিজেনরা এবার তিনটি বড় শিরোপার লড়াইয়ে টিকে আছে, যা নিয়ে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছেন গার্দিওলা। তবে নুনো এসপিরিতোর ওয়েস্ট হ্যাম রেলিগেশন এড়াতে আজ জানপ্রাণ দিয়ে লড়বে, যা সিটির জন্য কাজটা কঠিন করে তুলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here