প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

0
12
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

দেশের বিভিন্ন ধর্মের উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৪ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, ‘বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। এমন জনকল্যাণমুখী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগের আওতায় দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়াও ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সরকারি সম্মানী পাবেন। পাইলট প্রকল্পের অংশ হিসেবে প্রতিটি মসজিদের জন্য বরাদ্দ ১০ হাজার টাকা; যার মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।

একইভাবে প্রতিটি মন্দিরের জন্য বরাদ্দ ৮ হাজার টাকা; এর মধ্যে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধবিহারের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ রয়েছে; যার মধ্যে অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন। খ্রিস্টান চার্চগুলোর জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে; যেখানে পালক বা যাজক ৫ হাজার এবং সহকারী যাজক ৩ হাজার টাকা করে সম্মানী পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজকের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে আমরা এমন কিছু সম্মানিত ব্যক্তিকে একত্রিত করেছি, যাদের মানুষ কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই শ্রদ্ধা করে এবং জীবনের সংকটময় মুহূর্তে সঠিক পরামর্শ ও উপদেশের জন্য তাদের দ্বারস্থ হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here