৫ সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

0
14
৫ সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের সমমর্যাদায় নিয়মিত দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা এই পদে বহাল থাকবেন এবং বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণসহ আরও ছয়টি সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় অবশিষ্ট এই পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে নতুন প্রশাসক পদায়নের মাধ্যমে স্থানীয় সরকার প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here