ইউএনওর অফিস থেকে নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

0
10
ইউএনওর অফিস থেকে নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

কলেজটির অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, শুক্রবার নিয়ম মেনে আয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদে ৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিরীক্ষকরা ইউএনও’র কক্ষে অবস্থান করছিলেন। এ সময় বিএনপি সভাপতি ও তার লোকজন সেখানে প্রবেশ করে হট্টগোল শুরু করেন এবং জোরপূর্বক নিয়োগ সংক্রান্ত সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় আইনি প্রতিকার পেতে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, লিখিত পরীক্ষা শেষে যখন মৌখিক পরীক্ষা বা ভাইভা চলার প্রস্তুতি চলছিল, তখন বিএনপি নেতারা দলবল নিয়ে তার কক্ষে প্রবেশ করেন। তারা সেখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে পরীক্ষার খাতা ও নথিপত্র ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা জামাল উদ্দীন। তার দাবি, তারা কোনো কাগজ নেননি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানটি আওয়ামী লীগপন্থীদের এবং নিয়োগেও স্বজনপ্রীতি করা হচ্ছিল। এ বিষয়ে কথা বলতে গেলে ইউএনও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি ইউএনওকে জামায়াতপন্থী হিসেবেও আখ্যায়িত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here