ইরাকের রাজধানী বাগদাদ-এ অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বাগদাদ প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় দূতাবাসের হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।
ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে সেটি সরাসরি ইরান থেকে ছোড়া হয়নি। তাদের ধারণা, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কেউ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-কে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মার্কিন সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে। একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে ইরানপন্থি বা ইরানের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।
এদিকে হামলার আগের দিন ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করে যুক্তরাষ্ট্র দূতাবাস বাগদাদ। সতর্কবার্তায় বলা হয়, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখতে পারে।
সতর্কবার্তা জারির কয়েক ঘণ্টার মধ্যেই দূতাবাসে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।