ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ট্রাম্পের, অভিযানের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা

0
12
ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ট্রাম্পের, অভিযানের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা

গত দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, সামনের দিনগুলোতে ইরানে মার্কিন সামরিক অভিযানের মাত্রা ও ব্যাপ্তি আরও বাড়ানো হবে।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর অগ্রগতি সাধারণের ধারণার বাইরে। তাঁর মতে, শুধু মজুদকৃত ক্ষেপণাস্ত্রই নয়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানাগুলোও একের পর এক ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরান এতটা বড় ধরনের আঘাত আর কখনো পায়নি বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে যুদ্ধ আর কতদিন চলতে পারে—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি সাফ জানিয়ে দেন যে, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে। তাই যুদ্ধ চালিয়ে যেতে তাদের কোনো বেগ পেতে হবে না।

ইরানের ওপর চালানো হামলার ভয়াবহতা ও ভবিষ্যৎ পরিণতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির ক্ষমতাসীনদের এমনভাবে বিধ্বস্ত করা হয়েছে যে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের বছরের পর বছর সময় লেগে যাবে। এমনকি তাদের আর ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নাও থাকতে পারে। আগামী দিনগুলোতে অভিযানের তীব্রতা আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here