কুষ্টিয়ায় মূল্য জালিয়াতি ও বিদেশি পণ্যে অনিয়ম: ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

0
16
কুষ্টিয়ায় মূল্য জালিয়াতি ও বিদেশি পণ্যে অনিয়ম: ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া শহরের পৌর বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ তদারকিমূলক অভিযানে মূল্য জালিয়াতি ও বিদেশি পণ্যের অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) পরিচালিত এই অভিযানে কাপড়ের দোকান ও কসমেটিকস সামগ্রীর দোকানে বিভিন্ন অনিয়ম হাতেনাতে ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানের সময় ‘থ্রি পিস কর্ণার’ নামক একটি দোকানে ‘একদরের দোকান’ লেখা থাকলেও কাপড়ের গায়ে কোনো মূল্য ট্যাগ না থাকায় ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিদেশি কসমেটিকস ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকার দায়ে ‘ইমন ভ্যারাইটিজ স্টোর’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে অর্থাৎ বিদেশি কসমেটিকসের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘জ্যোতি কসমেটিকস’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় তাকে সহায়তা করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া জেলা পুলিশ ও র‍্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here