ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

0
14
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

হাতের আঙুল থেকে ভোটের কালি মুছে যাওয়ার আগেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আজ এখানে এমন কিছু সম্মানিত ব্যক্তি উপস্থিত হয়েছেন, যাদের মানুষ কোনো আইনগত বাধ্যবাধকতা ছাড়াই মন থেকে শ্রদ্ধা করে। জীবনের বিভিন্ন সংকটময় ও কঠিন মুহূর্তে সঠিক পরামর্শের জন্য সাধারণ মানুষ তাদেরই দ্বারস্থ হয়।

সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের রায়ে সরকার গঠনের পর থেকেই আমরা প্রতিশ্রুতি রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে অর্থনীতিতে পিছিয়ে পড়া নারীদের সহায়তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। এছাড়া আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। পাশাপাশি কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলেও তিনি ঘোষণা দেন।

রাষ্ট্রের শক্তি বৃদ্ধিতে নাগরিকদের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। তাই বর্তমান সরকার নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। একইসঙ্গে তিনি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here