শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের ‘লাইফস্টাইল ও মানসিক স্বাস্থ্য’ কার্যক্রম স্থগিত করল মাউশি

0
16
শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের ‘লাইফস্টাইল ও মানসিক স্বাস্থ্য’ কার্যক্রম স্থগিত করল মাউশি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট ও মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালু করার সরকারি নির্দেশনাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুত করা ম্যানুয়ালের ভিত্তিতে এই কার্যক্রম বাস্তবায়নের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা আপাতত কার্যকর হচ্ছে না।

শনিবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে প্রাপ্ত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গত ১১ মার্চ এ সংক্রান্ত স্থগিতাদেশে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, গত ৫ মার্চ জারি করা স্মারকে মাউশির আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়নের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হলো।

এর আগে গত ৮ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের আলোকে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ওই নির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণের আয়োজনের কথা বলা হয়েছিল।

কর্মসূচির সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন এবং শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন তদারকির পরিকল্পনা ছিল। এছাড়া স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটসের সহায়তায় স্কুল পর্যায়ে স্কাউট এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউট সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার কথাও উল্লেখ ছিল। তবে এই উদ্যোগটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত মাউশি তাদের আগের নির্দেশনাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here