অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ম্রুণাল ঠাকুর

0
6
অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ম্রুণাল ঠাকুর

রবি উদয়ার পরিচালিত ‘দো দিওয়ানে শেহের মে’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে বড় পর্দায় হাজির হয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ম্রুণাল ঠাকুর। যদিও বক্স অফিসে ছবিটি খুব একটা ঝড় তুলতে পারেনি, তবে দর্শক ও সমালোচকদের কাছে সিদ্ধান্ত-ম্রুণাল রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে নিজের কাজ, ব্যক্তিগত জীবন এবং জীবনের নানা লড়াই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

নিজের শারীরিক পরিবর্তন নিয়ে আলোচনায় ম্রুণাল স্পষ্ট জানান, তিনি তথাকথিত ‘জিরো ফিগার’-এ বিশ্বাসী নন। সাম্প্রতিক অসুস্থতার কারণে কিছুটা ওজন কমলেও তিনি স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। ছবির সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর প্রশংসা করে তিনি বলেন, কাজের প্রতি সিদ্ধান্তের একাগ্রতা দারুণ। শুটিংয়ের সময় মুম্বাইয়ের অলিগলি ঘুরে দেখার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি, যেখানে স্কুটি চালিয়ে শহরকে নতুনভাবে আবিষ্কার করেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনের অনিশ্চয়তা ও সংগ্রাম নিয়েও কথা বলেন ম্রুণাল। ছাত্রজীবনের ভাষাগত জড়তা কিংবা ক্যারিয়ারের শুরুতে ‘সৌন্দর্য’ নিয়ে হওয়া বৈষম্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, শুধু বাহ্যিক রূপ দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব নয়। ছবির চরিত্র ‘রোশনি’র মাঝে নিজের ছায়া খুঁজে পাওয়া এই অভিনেত্রী মনে করেন, যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করেন, এই ছবি তাদের মনে আলাদা জায়গা করে নেবে।

সবশেষে বিয়ের প্রসঙ্গে ম্রুণাল জানান, শুধু সামাজিক রীতি মানার জন্য নয়, বরং সঠিক মানুষের সাথে জীবন শুরু করাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এমন একজন জীবনসঙ্গী চান যিনি তার কাজকে সম্মান করবেন এবং যার সাথে মানসিক শান্তি বজায় থাকবে। সেই কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেলে বিয়ের সিদ্ধান্তে আর দেরি করবেন না বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here