মুরাদনগরে ১৪ মামলার আসামি কুখ্যাত ডাকাত আইনুল গ্রেপ্তার

0
20
মুরাদনগরে ১৪ মামলার আসামি কুখ্যাত ডাকাত আইনুল গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৪টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আইনুল হক ওরফে আইনুলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার একটি বিশেষ টিম সুবিলারচর গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনুল পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে এসআই আব্বাস কবির চৌধুরী ও এসআই রুহুল আমিন আহত হন। পরে তাকে কাবু করে তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় আইনুলের বড় ভাই ও ৪টি মামলার আসামি নুরুল ডাকাত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে কুখ্যাত এই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মাদক ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। পলাতক নুরুল ডাকাতকে ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here