ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে উয়েফা। আগামী ২৭ মার্চ কাতারে এই মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আয়োজক সংস্থাটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা বিষয়টি নিশ্চিত করেছে।
মূলত ভেন্যু ও সময় নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় ম্যাচটি বাতিল করতে হয়েছে। উয়েফা কাতার থেকে সরিয়ে ম্যাচটি স্পেনের মাদ্রিদে আয়োজনের প্রস্তাব দিলেও আর্জেন্টিনা তা নাকচ করে দেয়। পরবর্তীতে দুই লেগে খেলা কিংবা ইউরোপের অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দেওয়া হলেও সময় নিয়ে দুই পক্ষের মধ্যে বনিবনা হয়নি। আর্জেন্টিনা ৩১ মার্চ খেলার প্রস্তাব দিলেও উয়েফা তা গ্রহণে অপারগতা প্রকাশ করে।
উয়েফা তাদের বিবৃতিতে এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, পরিস্থিতি ও সময়ের প্রতিকূলতার কারণে ফুটবল বিশ্ব একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ট্রফির লড়াই দেখার সুযোগ হারাল। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে এই আসরের প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার স্পেনের বিপক্ষে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ থাকলেও তা অনিশ্চয়তায় পড়ল।
এই ম্যাচটি বাতিল হওয়ায় ফুটবল ভক্তদের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসি ও লামিন ইয়ামাল দ্বৈরথ। বার্সেলোনায় মেসির উত্তরসূরি হিসেবে খ্যাত স্প্যানিশ বিস্ময়বালক ইয়ামালের বিপক্ষে আর্জেন্টাইন জাদুকরের লড়াই দেখার যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা আপাতত মাঠেই মারা গেল।