ময়মনসিংহের নান্দাইলে ভিজিএফ-এর ২ হাজার কেজি সরকারি চাল জব্দ

0
24
ময়মনসিংহের নান্দাইলে ভিজিএফ-এর ২ হাজার কেজি সরকারি চাল জব্দ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) প্রকল্পের প্রায় দুই হাজার কেজি চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও বাজারের দুটি দোকান থেকে এই চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আহম্মদ।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে চন্ডীপাশা ইউনিয়ন পরিষদে গত দুদিন ধরে দরিদ্র পরিবারগুলোর মাঝে সরকারি চাল বিতরণ করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খামারগাঁও বাজারের বকুল মিয়া ও মতি মিয়ার দোকানে অভিযান চালায় প্রশাসন। সেখান থেকে সাধারণ বস্তায় ভরা মোট ৩৪ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চালগুলো বর্তমানে থানায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অনেক উপকারভোগী তাদের ভিজিএফ কার্ডগুলো আগেই এই দোকানদারদের কাছে কম দামে বিক্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে দোকানদাররা সেই কার্ড ব্যবহার করে ইউনিয়ন পরিষদ থেকে চাল উত্তোলন করে নিজেদের গুদামে মজুদ করে রাখেন। তবে দোকানদার বকুল মিয়ার দাবি, গ্রামের কার্ডধারীরা চাল তুলে সাথে সাথেই বিক্রি করে দেওয়ায় তারা কেবল সেগুলো কিনেছেন।

এ বিষয়ে চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভুইয়া জানান, পরিষদ থেকে চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি; বিতরণের পর উপকারভোগীরা তা বিক্রি করেছেন কি না সেটি তার জানা নেই। সহকারী কমিশনার সালাহউদ্দিন আহম্মদ জানিয়েছেন, সরকারি চাল অবৈধভাবে মজুদের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here