সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

0
25
সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সাভারের ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহানের (২৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শারমিন চাঁদপুর জেলার কচুয়া এলাকার বাসিন্দা ছিলেন।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন তার স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ওই ভাড়া বাসায় থাকতেন। শারমিনের স্বামীর দাবি অনুযায়ী, দুপুরে তিনি বাসায় ছিলেন না। বেলা ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখেন প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনের রক্তাক্ত নিস্তেজ দেহ পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী জানান, বিকেল সোয়া ৫টার দিকে শারমিনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ অন্যান্য শিক্ষার্থীরা হাসপাতালে উপস্থিত হন। প্রক্টর জানান, ঘটনার সঠিক রহস্য উদঘাটনে পুলিশ প্রশাসনকে যথাযথ তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here