বর্তমানে সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের নয়। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি জানান, সংস্কার পরিষদ যদি কখনো আইনে পরিণত হয়, তবেই তার কার্যকারিতা দেখা যাবে।
তিনি আরও স্পষ্ট করেন যে, গণভোটের রায় অনুযায়ী কোনো পরিষদ গঠন করতে হলে আগে সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের পরেই কেবল শপথ বা পরিষদ গঠনের প্রশ্ন আসবে।
সংসদীয় নিরপেক্ষতা প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, স্পিকার ও ডেপুটি স্পিকার ইতিমধ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন যাতে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আজ বেলা ১১টায় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়।