পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, আসন্ন ঈদ উপলক্ষে আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, এই সময়ে বন্দরের পাশাপাশি পানামা পোর্টের অভ্যন্তরেও পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম পুরোদমে চালু হবে। রমজান উপলক্ষে বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।
অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন চেকপোস্ট সপ্তাহের সাত দিনই খোলা থাকে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা জানান, সরকারি ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও অন্যান্য দিনগুলোতে কাস্টমস অফিসের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।