ওড়িশায় হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন: ১০ রোগীর মৃত্যু

0
16
ওড়িশায় হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন: ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) ভোরে ঘটা এই দুর্ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। রোগীদের জীবন বাঁচাতে গিয়ে অন্তত ১১ জন হাসপাতাল কর্মী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালটি রাজ্যের অন্যতম প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র হওয়ায় সেখানে সর্বদা রোগীর চাপ থাকে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মাহালিং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের সময় মোট ২৩ জন রোগীকে দ্রুত অন্য বিভাগে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানান্তর প্রক্রিয়া চলাকালীন সাতজন এবং পরবর্তীতে আরও তিনজন মৃত্যুবরণ করেন। তিনি আহত কর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন।

এই শোকাবহ ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং হাসপাতালের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংবেদনশীল এই ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here