শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় নাজিফ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা–শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে নাজিফের মা ও ভাই-বোনরা সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে কুর্শা বাইপাস মোড়ে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফ প্রাণ হারায়।
দুর্ঘটনায় নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮), বোন নওশিন (১৫) এবং অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সুমি আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।