নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন: সেতুমন্ত্রী

0
19
নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন: সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, গত সাত দিনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো নজির পাওয়া যায়নি।

মন্ত্রী বলেন, “পরিবহন মালিকরা যাত্রীদের আকৃষ্ট করতে বরং সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কমে টিকিট বিক্রি করছেন। যদি সরকারি ভাড়া ৭০০ টাকা হয়, তবে তারা ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা বা ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকা নিচ্ছেন। কোনো অবস্থাতেই নির্ধারিত ভাড়া অতিক্রম করার অভিযোগ আমরা পাইনি।” তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক তৎপর আছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি তেলের সংকট ও দাম নিয়ে গুজব প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, তেলের দাম বাড়ছে না এবং গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। তবে মন্ত্রীর এই বক্তব্যের সময় উপস্থিত জনতা থেকে ‘তেল পাচ্ছে না’ বলে আওয়াজ উঠলে তিনি বলেন, “তেল পাচ্ছে না—এমন বলার সুযোগ নেই। কোথায় তেল পাওয়া যাচ্ছে না আমাকে জানান, তেল দেওয়ার দায়িত্ব আমার।”

টার্মিনালের বাইরে বাস পার্কিং ও যানজট নিয়ে শেখ রবিউল আলম স্বীকার করেন যে, জায়গার সংকটে কিছুটা বিড়ম্বনা রয়েছে। তবে বিআরটিএ, পুলিশ এবং মালিক-শ্রমিক সমিতির সমন্বয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, এবার জনগণ বাস, ট্রেন ও লঞ্চে একটি স্বস্তির এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতভাবে উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here