দেশব্যাপী নদী-নালা ও জলাশয় পুনরুদ্ধারের অংশ হিসেবে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ভুবনেশ্বর ব্রিজসংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার সারাদেশে নদী ও খাল পুনরুদ্ধারে ব্যাপক উদ্যোগ নিয়েছে। তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন বা পুনঃখননের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই কার্যক্রম মূলত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত খাল কাটা কর্মসূচিরই একটি আধুনিক ও ধারাবাহিক রূপ।
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এছাড়া বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা এবং ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।