বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটা দল করি, যার মূল লক্ষ্যই হচ্ছে জনকল্যাণ। যেসব কাজ করলে সাধারণ মানুষের উপকার হবে, আমরা সেসব কাজই করতে চাই। তারই অংশ হিসেবে আজ আমরা এখানে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করছি।’
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নে সাহাপাড়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর মাধ্যমে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই সাহাপাড়া খাল খনন সম্পন্ন হলে এলাকার ৩১ হাজার কৃষক সেচ সুবিধার আওতায় আসবেন এবং প্রায় ১২০০ হেক্টর জমিতে সেচ প্রদান সম্ভব হবে। এতে প্রত্যক্ষভাবে উপকৃত হবেন প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।’ উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষও রোপণ করেন।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হচ্ছে বলে জানানো হয়।
এর আগে, সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যান প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।