ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সব ফ্লাইট স্থগিত

0
24
ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সব ফ্লাইট স্থগিত

বিশ্বের অন্যতম ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে বিস্ফোরকবাহী ড্রোন বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে আঘাত হানলে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই হামলার খবর নিশ্চিত করেছে। ড্রোন আঘাত হানার পরপরই বিমানবন্দরের একটি বড় এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বার্তায় বলা হয়েছে, “যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে পরবর্তী সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।” পরবর্তী হালনাগাদ তথ্য সরকারি চ্যানেলগুলোর মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, দুবাই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আকাশপথের কেন্দ্রবিন্দু। প্রতিদিন এখানে হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে। এই আকস্মিক হামলার ফলে বিশ্বজুড়ে বিমান যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here