মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

0
31
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের রজত রেখা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকার গুদারাঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত আবির হোসেন মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ (রোববার) দুপুর ২টার দিকে চার বন্ধু মিলে মেঘনা শাখার রজত রেখা নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে তিন বন্ধু তীরে উঠতে সক্ষম হলেও আবির হোসেন তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২০ ঘণ্টা পর সোমবার সকালে নদীর ২০ ফুট পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here