আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তির লটারি বাতিল ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

0
27
আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তির লটারি বাতিল ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়টি লটারির ওপর নির্ভর করা অনেকটা জুয়া খেলার শামিল, যা কোনো সুষ্ঠু শিক্ষাব্যবস্থার অংশ হতে পারে না। দীর্ঘদিনের গবেষণা এবং অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই লটারি তুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী বছর থেকে খুবই সাধারণ উপায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে কোনো অসুস্থ প্রতিযোগিতা থাকবে না। তবে ভর্তি পদ্ধতির চূড়ান্ত রূপরেখা অংশীজনদের সঙ্গে আরও আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী সংসদে দেওয়া তার আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই ভর্তি পরীক্ষার ধরন ও পদ্ধতি চূড়ান্ত করা হবে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোচিং বাণিজ্য গড়ে না ওঠে, সে বিষয়েও কঠোর হুশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা চালু হলে কেউ যদি কোচিং বাণিজ্য করার চেষ্টা করে, তবে সরকার তা কঠোর হাতে দমন করবে। প্রয়োজনে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই ‘ইনহাউজ কোচিং’ বা পাঠদানের ব্যবস্থা করবে।

এদিনের সংবাদ সম্মেলনে স্কুলের ভর্তি জট খোলার পাশাপাশি উচ্চশিক্ষার প্রশাসনিক রদবদল নিয়েও কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের (ভিসি) নামও ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here