খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় দিনে-দুপুরে দুর্বৃত্তদের গুলিতে রাশিফুল আনাম রাশু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাশু খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনামের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাশু কল্পতরু মার্কেটের ভেতরের একটি দোকানে বসে কেরাম খেলছিলেন। এ সময় দুই-তিনজন অজ্ঞাতপরিচয় যুবক পায়ে হেঁটে এসে তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘাতকদের ছোড়া তিনটি গুলি তার মাথা ও ঘাড়ে বিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মার্কেটের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে আলামত সংগ্রহ করা হচ্ছে।