জুলাই সনদের প্রতিটি অধ্যায় দেখে-বুঝে বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

0
26
জুলাই সনদের প্রতিটি অধ্যায় দেখে-বুঝে বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ ও জুলাই বিপ্লব নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই—বিএনপি এই সনদের প্রতিটি অধ্যায় গুরুত্বের সাথে দেখে এবং বুঝে তা বাস্তবায়ন করবে। এ বিষয়ে বিচ্যুতি ঘটার কোনো সুযোগ নেই।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে একটি নিষ্কাশন খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ-অভ্যুত্থানের মতো বিএনপি জুলাই সনদের চেতনাকেও মনে-প্রাণে ধারণ করে। তিনি বলেন, “জুলাই সনদের ৮৪টি অনুচ্ছেদের প্রথমটিতেই সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে এবং আমরা সেই পথেই হাঁটছি। আমরা কোনো মিথ্যা আশ্বাস বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই না।”

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, নির্বাচনের পর আঙুলের কালি মোছার আগেই সরকার অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড প্রদান এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের বেতন-ভাতা নিশ্চিত করার মতো পদক্ষেপগুলো এরই অংশ। তিনি আরও ঘোষণা দেন যে, পহেলা বৈশাখ থেকেই কৃষকরা ‘কৃষি কার্ড’-এর সুবিধা ভোগ করতে পারবেন।

দেশব্যাপী খাল খনন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের যে অঙ্গীকার বিএনপি করেছিল, তারই অংশ হিসেবে আজ ৫৪টি জেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। তিনি মনে করিয়ে দেন যে, বাংলাদেশের আধুনিক উন্নয়নের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার প্রেরণা ও তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই ধারা অব্যাহত রেখেছে।

দলের নেতাকর্মীদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, তারেক রহমান ইতোমধ্যেই চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যদি কেউ এই পথে পা বাড়ান, তবে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। তিনি স্পষ্ট করে বলেন, “বিএনপি কাউকে দুর্নীতির লাইসেন্স দেয়নি। দলের ভেতরে কেউ অপকর্মে জড়ালে তাকে ক্যান্সারের মতো ছেঁটে ফেলা হবে।”

ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী খালপাড়ে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here