পিতার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানের খাল খনন কর্মসূচি শুরু

0
24
পিতার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানের খাল খনন কর্মসূচি শুরু

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় আজ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রায় পাঁচ দশক আগে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে নিজ হাতে কোদাল ধরে খাল খনন শুরু করেছিলেন, আজ সেই একই স্থানে দাঁড়িয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে ১২.২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির সূচনা হয়।

এর আগে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখান থেকে সড়কপথে দিনাজপুর যাওয়ার পথে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান। সাহাপাড়া খাল পুনঃখনন ছাড়াও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয় প্রবীণ বাসিন্দা কুলসুম বেগম স্মৃতিচারণ করে বলেন, “বাবার মতোই ছেলে খাল কাটছে। শহীদ জিয়া মানুষের জন্য কাজ করতে পছন্দ করতেন, এখন তারেক রহমান সেই পথেই হাঁটছেন।” এই খালটি ভারতের পুনর্ভবা নদীর সাথে সংযুক্ত হওয়ায় এটি পুনঃখনন করা হলে স্থানীয় কৃষি জমি সেচ সুবিধা পাবে এবং বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করছেন এলাকাবাসী।

খাল পুনঃখনন শুধু পরিবেশগত উন্নয়ন নয়, বরং মাছ চাষ, হাঁস পালন এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় শিক্ষার্থীদের মতে, এই উদ্যোগ সবুজ বনায়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনাজপুরের এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফরিদপুর গোরস্তানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন এবং রাতে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here