নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মিলন (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজুকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৬ মার্চ) সকালে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে র্যাব-১১ ও র্যাব-৭-এর একটি যৌথ দল চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালায়। বিকেল ৪টা ৪০ মিনিটে আগ্রাবাদ এক্সেস রোডের ছোটপুল এলাকা থেকে মূল আসামি মিলনকে এবং এর কিছু সময় পর বড়পুল মোড় এলাকা থেকে তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে নিহতের সাথে মিলনের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মিলন ভরণপোষণ না দিয়ে স্ত্রীকে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। গত ১২ মার্চ সকালে হাতিয়ার চানন্দী ইউনিয়নের আলআমিন গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার একপর্যায়ে মিলন লোহার রড দিয়ে তার স্ত্রীর বুকে ও পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় বাজারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে আত্মগোপনে ছিলেন।
এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।