পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হওয়া এই ছুটি আগামী ২৭ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সকল প্রকার বাণিজ্যিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিনি জানান, বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে যে, ১০ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শুক্রবার (১৭-২৭ মার্চ) পর্যন্ত সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামী শনিবার (২৮ মার্চ) থেকে পুনরায় স্বাভাবিক হবে বন্দরের কার্যক্রম।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো বাধা নেই। বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানিয়েছেন, বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক থাকবে।