নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা আনচেলত্তির, এন্ড্রিক ফিরলেও বাদ রদ্রিগো

0
21
নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা আনচেলত্তির, এন্ড্রিক ফিরলেও বাদ রদ্রিগো

২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত দল গোছানোর আগে খেলোয়াড় যাচাই-বাছাইয়ের শেষ সুযোগ হিসেবে মার্চের ফিফা উইন্ডোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আসন্ন দুটি হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। তবে প্রাথমিক তালিকায় নাম থাকলেও চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন নেইমার জুনিয়র, যা সমর্থকদের মাঝে হতাশাই তৈরি করেছে।

সোমবার (১৬ মার্চ) রাতে ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা এন্ড্রিক। আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে দলে ডাকলেন। এন্ড্রিকের পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারেই), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড) এবং রায়ান। এছাড়া অভিজ্ঞ দানিলো ও ইবানেজ আবারও দলে ফিরেছেন।

ইনজুরি সমস্যার কারণে স্কোয়াড সাজাতে বেশ বেগ পেতে হয়েছে ইতালিয়ান এই কোচকে। চোটের কারণে এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা দলে নেই। তবে সবচেয়ে বড় দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো গোয়েসকে নিয়ে, যার আসন্ন বিশ্বকাপে খেলার স্বপ্ন চোটের কারণে শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দল নির্বাচন প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “যারা শতভাগ ফিট কেবল তাদেরই গুরুত্ব দেওয়া হয়েছে। সামনে দুটি বড় ম্যাচ এবং দীর্ঘ ভ্রমণের ধকল সামলাতে শারীরিক সক্ষমতাকে আমরা প্রাধান্য দিয়েছি।”

নেইমারকে কেন বাদ দেওয়া হলো, সেই প্রশ্নের সরাসরি জবাব না দিলেও ধারণা করা হচ্ছে তার সাম্প্রতিক চোটের অস্বস্তিই এর মূল কারণ। সান্তোসের হয়ে মিরাসলের বিপক্ষে ম্যাচে নেইমারের পারফরম্যান্স দেখার পরিকল্পনা ছিল কোচের, কিন্তু চোটের কারণে নেইমার সেই ম্যাচটি খেলতে পারেননি। নতুনদের অন্তর্ভুক্তি নিয়ে কোচ জানান, জাতীয় দলের পরিবেশের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার ক্ষমতা যাচাই করতেই এই সুযোগ দেওয়া হয়েছে।

ব্রাজিলের আসন্ন ম্যাচের সূচি:
২৬ মার্চ: বনাম ফ্রান্স (বোস্টন, যুক্তরাষ্ট্র)
৩১ মার্চ: বনাম ক্রোয়েশিয়া (অরল্যান্ডো, যুক্তরাষ্ট্র)

ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন, বেন্তো ও এডারসন
ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস এবং ওয়েসলি
মিডফিল্ডার : অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো ও গ্যাব্রিয়েল সারা
ফরোয়ার্ড : এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here