পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: আইজিপি

0
16
পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: আইজিপি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা পর্যবেক্ষণ করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আইজিপি জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “শুধু ট্রাফিক ব্যবস্থাপনা নয়, সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবে। নিরাপত্তার খাতিরে বিশেষ বাহিনী ও ডগ স্কোয়াডসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট মোতায়েন করা হয়েছে।” কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদা তৎপর রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

গাবতলী টার্মিনালে যাত্রী উপস্থিতি কম থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আইজিপি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা দূরপাল্লার বাসের অবৈধ কাউন্টারগুলো এর অন্যতম কারণ। যাত্রীরা সরাসরি টার্মিনালে না এসে এসব কাউন্টার থেকে যাত্রা শুরু করছেন, যা শহরের ভেতরে যানজটের সৃষ্টি করছে। এ সমস্যা নিরসনে সিটি কর্পোরেশন ও পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় করে শহরের ভেতরের কাউন্টারগুলো ধাপে ধাপে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট সংকট প্রসঙ্গে আইজিপি বলেন, এ ধরনের অনিয়ম রুখতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। তিনি নাগরিকদের আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আইন জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আইন না জানা কোনো অজুহাত হতে পারে না।” যাত্রীদের কোনো অভিযোগ থাকলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here