লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। তিনি পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঈদের ছুটি কাটাতে শরিফুল তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল, তার স্ত্রী এবং ছেলে প্রাণ হারান। এ ঘটনায় তাদের মেয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।