ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের নাটকীয় মোড় হিসেবে নতুন তথ্য সামনে এনেছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জারিদা’। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ও ইসরায়েলি হামলায় গুরুতর আহত ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদমাধ্যমটির দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে মোজতবা খামেনিকে চিকিৎসার জন্য আমন্ত্রণ জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১২ মার্চ দুই নেতার মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয় এবং ওই দিনই বিশেষ রুশ সামরিক বিমানে করে তাকে মস্কো নিয়ে যাওয়া হয়। এই স্থানান্তর প্রক্রিয়ার গোপনীয়তা বজায় রাখা হলেও বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মোজতবা খামেনির শারীরিক অবস্থা বা চিকিৎসার ধরণ সম্পর্কে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে শীর্ষ পর্যায়ের এই নেতার মস্কো গমনের বিষয়টি তেহরান-মস্কো সামরিক ও কৌশলগত সম্পর্কের গভীরতাকেই ইঙ্গিত করছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা (Targeted Attacks) চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগে একটি ভয়াবহ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। বাবার মৃত্যুর পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেও শুরু থেকেই তিনি মিত্র দেশগুলোর সহায়তায় আত্মগোপনে থেকে যুদ্ধ পরিচালনা করছিলেন। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্র ও ক্ষমতার সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে।