আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার জননিরাপত্তা রক্ষায় নাগরিকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার এবং সন্দেহজনক কার্যকলাপে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ডিএমপি কমিশনার জানান, জনবল সীমিত হলেও পুলিশ ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। তবে অপরাধ দমনে জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হলেও আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
নাগরিকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জটলা দেখলে স্থানীয়দের সতর্ক হতে হবে। প্রয়োজনে এলাকাবাসীকে একত্রিত হয়ে তাদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়ার পরামর্শ দেন তিনি। যদি তাদের আচরণ সন্দেহজনক মনে হয়, তবে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
মূলত ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশের পক্ষ থেকে এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।