ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উম্মে হাবিবা রিজু নামে এক শিক্ষার্থী বাসার ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকালে নগরীর কেওয়াটখালি এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিজু বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। তার স্বামী মো. রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে মা হওয়ার পর থেকেই রিজু মানসিকভাবে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন। বাসার মালিকের স্ত্রীর কাছেও তিনি প্রায়ই নিজের মন খারাপের কথা বলতেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সকাল ৯টা ২১ মিনিটে রিজু নিজেই সিঁড়ি বেয়ে ছাদে ওঠেন। এর কিছুক্ষণ পর ৯টা ৩৪ মিনিটে পাশের বাসা থেকে চিৎকারের শব্দ শুনে তার শাশুড়ি নিচে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল তার শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।