ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে মঙ্গলবার সকালে ভয়াবহ হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর চলমান উত্তেজনার রেশ এবার ইরাকেও ছড়িয়ে পড়ল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে দূতাবাস লক্ষ্য করে অন্তত পাঁচটি ড্রোন এবং বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। ইরাকি নিরাপত্তা বাহিনী এই হামলাকে বাগদাদে মার্কিন দূতাবাসের ওপর এযাবতকালের সবচেয়ে বড় ও তীব্র আক্রমণ হিসেবে অভিহিত করেছে।
হামলার সময় পুরো বাগদাদ শহর শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ড্রোন আঘাত হানার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি আকাশের দিকে উঠে যাচ্ছে। এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।