সাতক্ষীরার তালা উপজেলার কাশিপুর গ্রামে কারিনা দাস (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে শশুড়বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে।
নিহত কারিনা সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের সঞ্জয় দাসের মেয়ে। ৫ বছর আগে তালার সুজিত দাসের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী সুজিত ও তার মা কারিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। স্থায়ী আয় না থাকায় সুজিত প্রায়ই কারিনাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিতেন বলে জানিয়েছেন তার বাবা।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই কারিনার মৃত্যু হয়েছিল এবং তার শরীরে কিছু ক্ষতের চিহ্ন দেখা গেছে।
কারিনার স্বজনরা এই মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।