আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসন হাসপাতালে সোমবার (১৬ মার্চ) গভীর রাতে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। আফগান সরকারের উপ-মুখ মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, রাত ৯টার দিকে ২ হাজার শয্যাবিশিষ্ট ওই হাসপাতালের একটি বড় অংশ হামলার ফলে ধসে পড়ে।
পাকিস্তান এই হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান না করলেও দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, তারা কাবুল ও নানগারহার প্রদেশের নির্দিষ্ট কিছু ‘সামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছেন। পাকিস্তানের দাবি, সন্ত্রাসীদের সহায়তায় ব্যবহৃত স্থাপনাগুলোই তাদের লক্ষ্য ছিল।
এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। বিশেষ করে পবিত্র রমজান মাসে এমন হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক অধিনায়ক রশিদ খান ও মোহাম্মদ নবী।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রশিদ খান এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে বলেন, “সাধারণ মানুষের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামো লক্ষ্যবস্তু করা অত্যন্ত ঘৃণ্য কাজ। রমজান মাসে মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা গভীর উদ্বেগের বিষয়।” তিনি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী আবেগঘন বার্তায় বলেন, “আজ রাতে কাবুলের একটি হাসপাতালে আশার আলো নিভে গেল। রমজানের ২৮তম দিনে চিকিৎসা নিতে আসা তরুণরা বোমা হামলায় প্রাণ হারালো।” টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইব্রাহিম জাদরানও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

