টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার নল্যা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশা চালক আকবর আলী (৫৫), যার বাড়ি ধনবাড়ী উপজেলার সেনবাড়ী এলাকায়। অন্য দুজন হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ওমর ফারুক (৫০) ও খোকন মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সাথে জামালপুর থেকে আসা ‘রাজিব পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আকবর আলী প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানিয়েছেন, চালকদের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করতে এবং চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।