মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপাড়া গ্রামের সামসু শেখের সঙ্গে তার প্রতিবেশী নুরুদ্দিন ফকিরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিটি সামসু শেখের বাড়ির পাশেই অবস্থিত। মঙ্গলবার সকালে ওই জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে সামসু শেখ (৬৫), তার স্ত্রী রেনু আক্তার (৫৫), ছেলে ইলিয়াস শেখ (৪৩), মেয়ে লাখী আক্তার (২৩) এবং প্রতিপক্ষ নুরুদ্দিন ফকির ও সেলিম ফকিরসহ অন্তত ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সামসু শেখ ও তার ছেলে ইলিয়াস শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।