রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল।
র্যাব জানায়, সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে র্যাব-৫-এর একটি দল চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বিস্ফোরক সন্দেহে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে বস্তা দুটি পরীক্ষা করে ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।
ককটেলের পাশাপাশি অন্য একটি বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা ও একটি চাকু উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলের আশপাশের কেউ এই মালামালের মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। র্যাবের প্রাথমিক ধারণা, কোনো দুর্বৃত্ত গোষ্ঠী বড় ধরনের কোনো অপরাধ সংঘটনের লক্ষ্যেই নির্জন এই বাগানে অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল।
উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রগুলো চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।