আসন্ন ঈদুল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদ এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় তিনি যমুনায় উপস্থিত হয়ে প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ সাধারণ জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাস জীবন কাটানোর পর গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেড় যুগেরও বেশি সময় পর এটিই দেশে তার প্রথম ঈদ উদযাপন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করছে।