ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্ন ঈদযাত্রা: কুমিল্লা অংশে নেই কোনো ভোগান্তি

0
19
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্ন ঈদযাত্রা: কুমিল্লা অংশে নেই কোনো ভোগান্তি

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো বড় ধরনের ভোগান্তি বা যানজটের চিত্র দেখা যায়নি।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কের কুমিল্লা রিজিয়নের বিভিন্ন এলাকা ঘুরে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে এই স্বস্তিদায়ক তথ্য জানা গেছে। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রার চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে যানবাহনের যথেষ্ট চাপ থাকলেও কোথাও দীর্ঘস্থায়ী যানজট তৈরি হয়নি। যাত্রীদের মতে, ঢাকা থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ পর্যন্ত কিছুটা ধীরগতি থাকলেও মুন্সিগঞ্জের গজারিয়া এবং কুমিল্লার দাউদকান্দি সেতু থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো অংশই ছিল যানজটমুক্ত। ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতে মাত্র তিন ঘণ্টার মতো সময় লাগছে বলে জানিয়েছেন আমজাদ হোসেন নামের এক বাস যাত্রী। চট্টগ্রাম থেকে আসা যাত্রীরাও দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানিয়েছেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও পুলিশের বিশেষ নজরদারি ও তৎপরতার কারণে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না। পুরো ঈদ মৌসুমে এই স্বস্তিদায়ক যাতায়াত ব্যবস্থা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে হাইওয়ে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here