রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে অন্তত ২ জন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় পানিতে ডুবে আরও ৩ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বর্তমানে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদরঘাট টার্মিনাল এলাকায় ‘আসা যাওয়া-৫’ নামক একটি লঞ্চে ট্রলারের মাধ্যমে যাত্রী তোলার কাজ চলছিল। এমন সময় ‘জাকির সম্রাট-৩’ নামের একটি লঞ্চ পেছন থেকে এসে হঠাৎ সজোরে ধাক্কা দেয়। দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌ-পুলিশ জানিয়েছে, ঘাতক লঞ্চটি শনাক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনায় সদরঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।