বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে বাগবাড়ী দক্ষিণপাড়া নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দায়িত্ব অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্মীদের মতে, ঈদ উপলক্ষ্যে ট্রেনটিতে শত শত যাত্রী ছিল। দুর্ঘটনার সময় ওই এলাকায় রেললাইনের মেরামত কাজ চলছিল। রেলওয়ের ওয়েম্যান সোহেল জানান, লাইন ভাঙা থাকায় কন্ট্রোল রুমে সিগন্যাল দেওয়া ছিল এবং লাল ব্যানারও টাঙানো ছিল। কিন্তু ট্রেনচালক সেই সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে আসায় এসি চেয়ার ও শোভন চেয়ারসহ মোট ৯টি বগি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার জন্য চালকের অদক্ষতা ও স্টেশন মাস্টারের গাফিলতিকে দায়ী করছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সান্তাহার জংশন স্টেশনের মাস্টার খাদিজা খাতুন জানিয়েছেন, তদন্ত ছাড়া দুর্ঘটনার সঠিক কারণ এখনই বলা সম্ভব নয়। তবে সহকারী স্টেশন মাস্টারকে বরখাস্তের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেন আনার প্রক্রিয়া চলছে।