সৌদি আরবে মিসাইল হামলায় আহত গফরগাঁওয়ের প্রবাসীর মৃত্যু

0
15
সৌদি আরবে মিসাইল হামলায় আহত গফরগাঁওয়ের প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ (রবিবার) ইফতারের আগমুহূর্তে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা ছিলেন এবং তার একটি পুত্রসন্তান রয়েছে।

একই বিস্ফোরণের ঘটনায় এর আগে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হয়েছিলেন। মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত স্বজনরা এখন সরকারের কাছে দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বর্তমানে তার মরদেহ সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here